প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও ফিরতি লেগে নিজেদের মাঠে খেই হারাল আর্সেনাল। অলিম্পিয়াকোসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ইউরোপা লিগের শেষ ৩২ রাউন্ড থেকে ছিটকে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ফিরতি লেগের ম্যাচটিতে ২-১ গোলে আর্সেনালকে হারায় অলিম্পিয়াকোস। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা হলেও প্রতিপক্ষের মাঠে গোল করায় এগিয়ে থাকায় প্রতিযোগিতাটির শেষ ষোলোয় গেল গ্রিসের ক্লাবটি।
দুই লেগ মিলিয়ে ১-১ গোলের সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলেও ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩তম মিনিটে পিয়েরে এমারিক আউবামেয়াংয়ের গোলে এগিয়ে গিয়ে জয় দেখছিল আর্সেনাল।
ম্যাচের অতিরিক্ত সময়ের নির্ধারিত খেলা যখন কয়েক সেকেন্ড বাকি তখন হিসেব ঘুরিয়ে দেন অলিম্পিয়াকোসের ইউসেফ এল-অ্যারাবি। সতীর্থের ক্রসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান মরোক্কান এই স্ট্রাইকার। এল-অ্যারাবির এই গোলে কপাল পুড়ে আর্সেনালের।
