অমর একুশে গ্রন্থমেলায় কবি প্রকাশনী থেকে এসেছে অপু মেহেদীর সম্পাদনায় নতুন গ্রন্থ ‘দ্রোহ দাহ স্বপ্নের মামুনুর রশীদ’। শুক্রবার সকাল ১১টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সেমিনার রুমে বইটির মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের নাট্যতাত্ত্বিক শমিক বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আসাদুজ্জামান নূর।
এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মান্নান হীরা, রতন সিদ্দিকী, হারুন অর রশীদ, ফয়েজ জহির, শাহ আলম দুলাল প্রমুখ। ২৫৬ পৃষ্ঠার বইটিতে রয়েছে মামুনুর রশীদের জীবন, কর্ম ও কীর্তি নিয়ে বিদগ্ধজনের আলোচনা। এ ছাড়া নবীনদের চোখে দেখা মামুনুর রশীদ এবং গুরুত্বপূর্ণ কিছু সাক্ষাৎকার। বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ১৮৭-১৮৮ নম্বর স্টলে।
অপু মেহেদী বলেন, ‘মামুনুর রশীদ আমার নাট্যগুরু। ২৯ ফেব্রুয়ারি তার জন্মদিন। লিপ-ইয়ারের হিসাবে স্বভাবতই চার বছর পর পর জন্মদিন উদ্যাপনের সুযোগ আসে। এবার জন্মদিনকে উপলক্ষ করে বইটি সম্পাদনা করার ভাবনাটি মাথায় আসে। তারপর সবার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। পাশাপাশি অনেকের লেখা সংগ্রহ করেছি। সব মিলিয়ে বইটিতে মামুনুর রশীদের নাট্য অভিযাত্রার একটা চিত্র উঠে এসেছে। ভবিষ্যতে মামুনুর রশীদকে নিয়ে যারা গবেষণার কাজ করবেন তাদের জন্য বইটি সহায়ক হবে।’
