রাজশাহী অঞ্চলে আয়কর বাড়াতে উদ্যোগ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫১ এএম

আয়কর বাড়াতে রাজশাহী বিভাগের পাঁচ জেলায় নতুন ৪০ হাজার করদাতা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য রাজশাহী কর অঞ্চল কার্যালয় জরিপ কার্যক্রম শুরু করেছে। কর কমিশনারের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। আগামী সোমবার রাজশাহী সিটি করপোরেশনের হড়গ্রাম নিউ মার্কেট ও মার্কেটসংলগ্ন বাজারে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

কর কমিশনার মুহাম্মদ মফিজউল্লা বলেন, ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার, কর প্রদানের সুফলে সবাই হব অংশীদার’ সেøাগানে কর অঞ্চল রাজশাহীর আওতাভুক্ত রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে জরিপ কার্যক্রম চলছে। এ জেলাগুলো থেকে ৪০ হাজার নতুন করদাতা শনাক্ত করতে আমরা উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, রাজশাহীর ব্যবসা বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হড়গ্রাম নিউ মার্কেট ও মার্কেটসংলগ্ন বাজার। এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। অনেকের আয় করযোগ্য সীমার ওপর হলেও তাদের ইটিআইএন নেই। ফলে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৫ ধারার কার্যক্রম গ্রহণ করে আগামী সোমবার হড়গ্রাম নিউ মার্কেট ও মার্কেটসংলগ্ন বাজারে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় নতুন করদাতাদের অনলাইনে নিবন্ধনের পাশাপাশি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাদের ইটিআইএন দেওয়া হবে। তাদের রিটার্ন ও ইটিআইএন ফরম পূরণে সার্বিক সহযোগিতা করা হবে।

রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান জানান, নতুন করদাতার জন্য জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড, ট্রেড লাইসেন্সের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে। জরিপের দিন প্রয়োজনীয় এসব কাগজপত্র ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য রাজশাহী কর অঞ্চলের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে হড়গ্রাম মার্কেটে জরিপসংক্রান্ত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। জরিপ কার্যক্রম সম্পর্কে ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কর কমিশনার নিজে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা জাতীয় রাজস্ব আহরণে জরিপ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার বিষয়ে আয়কর বিভাগকে আশ্বস্ত করেছেন।

চলতি অর্থবছরে রাজশাহী কর অঞ্চল থেকে ১ হাজার ১০৭ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত