বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মনে করে, উন্নত চিকিৎসার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্র্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে চিকিৎসা দিতে চায়, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর ভয়ংকর শারীরিক জটিলতা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, বিএসএমএমইউ হাসপাতাল কর্র্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার সর্বশেষ যে প্রতিবেদন আদালতে পেশ করেছে, ড্যাব তা প্রত্যাখ্যান করছে। ড্যাব মনে করে, এই প্রতিবেদন অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। বিএসএমএমইউ কর্র্তৃপক্ষের প্রতিবেদনে উন্নত চিকিৎসা গ্রহণে খালেদা জিয়ার অস্বীকৃতির যে কথা উল্লেখ করা হয়েছে, তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবতা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য একজন রোগীকে যে চিকিৎসা দেওয়া হয় তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রোগীর ভয়ংকর শারীরিক জটিলতা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। যেসব চিকিৎসক খালেদা জিয়ার প্রকৃত স্বাস্থ্যগত প্রতিবেদন আদালতে দিচ্ছে না, সেসব চিকিৎসকের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই।
