চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কখনো আমরা সেনা মোতায়েন করিনি। ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, পোশাকেই থাকবে; তবে অস্ত্র থাকবে না। তারা শুধু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টেকনিক্যাল সাপোর্ট দিতে থাকবে।’ গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মনোনয়নপত্র যাচাই-বাছাইসংক্রান্ত মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইসি রফিকুল ইসলাম বলেন, অন্যান্য দেশের মতো কমিশন সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না, ভেবে দেখছে।’
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদান শেষে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রতিটি বুথে সেনাসদস্য মোতায়েন ও ভোটার উপস্থিতি বাড়াতে কমপক্ষে দুদিন ভোটের তারিখ পেছানোর দাবি জানান। কিন্তু ইসি রফিকুল বিএনপির প্রার্থীর দুটি দাবিই নাকচ করে দেন।
ইসি রফিকুল বলেন, ‘আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ আমাদের অভিজ্ঞতা জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। তা ছাড়া এপ্রিলে এইচএসসি পরীক্ষাসহ নানা কারণে নির্বাচন পেছানো সম্ভব নয়।’
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান, বশির আহমদ; কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসাইন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ।
