মার্কো আলোনসোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে টানা দুই গোল খেয়ে এক পর্যায়ে হারের শঙ্কায় পড়ে যায় দলটি। শেষ মুহূর্তে ডিফেন্ডার আলোনসো আবারও জালের দেখা পেলে বোর্নমাউথের বিপক্ষে হার এড়ায় ব্লুরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে চেলসি। দলটির হয়ে দুটি গোলই করেন স্প্যানিশ লেফট-ব্যাক আলোনসো।
৩৩তম মিনিটে রক্ষণভাগের এই খেলোয়াড়ের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে চেলসি। কিন্তু দ্বিতীয় ছন্দ হারায় অতিথি দল।
৫৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান বোর্নমাউথের কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লারমা। চার মিনিটের মধ্যেই স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন নরেজিয়ান ফরোয়ার্ড জশুয়া কিং। এই ব্যবধান ধরেই এগুচ্ছিল বোর্নমাউথ।
কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে হার এড়ানো গোল পায় আলোনসো। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন তিনি।
এই জয়ে চতুর্থস্থানে থাকা চেলসির পয়েন্ট দাঁড়িয়েছে ২৮ ম্যাচে ৪৫। সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে লেস্টার সিটি।
২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিগের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে শীর্ষে থাকা লিভারপুল।
