গত বছরের ১ অগাস্ট থেকে যে সব ক্লোন বা নকল আইএমইআই সম্বলিত এবং অবৈধভাবে আমদানি হওয়া মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় যাচ্ছে বিটিআরসি। আর এ লক্ষে বিটিআরসিতে খুব শিগগিরই স্থাপিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)’।
এ প্রযুক্তির মাধ্যমেই অবৈধ হ্যান্ডসেটগুলোর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২৯ জুলাই বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটটির বৈধতা আইএমইআই এর মাধ্যমে যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নিয়ে তা সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হয়েছিল।
একই অনুরোধ পুনরায় জানিয়ে বিটিআরসি বলেছে, মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে।
মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#০৬# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষকিভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়।
অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ১৯ ফেব্রুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বিটিআরসি। ২০১২ সালে বিটিআরসি এ উদ্যোগ নেয়ার প্রায় ৮ বছর পর এ প্রযুক্তি বাস্তবায়নে দরপত্র আহ্বান করে।
বিটিআরসি জানিয়েছে, এই প্রক্রিয়া শুরু হলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পর কোনো সিমই কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করবেন।
