প্রথমে দুর্দান্ত ব্যাটিং। এরপর বোলারদের কাছ থেকেও এল প্রত্যাশিত নৈপুণ্য। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জয় পেল সহজেই। প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়টাই পেল মাশরাফী বিন মোর্ত্তজার দল।
রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। রানের হিসেবে এটিই ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী। লিটন দাসের সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়ে স্বাগতিকেরা। জিম্ববুয়ের বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯.১ ওভারেই ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
নিখুঁত পারফরম্যান্স বলতে যা বোঝায় সেটিই মাঠে দেখিয়েছেন টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে এই জয় নিয়ে হয়তো খুব বেশি মাতামাতির কিছু নেই। আবর এই জয়টাকে হেলায় উড়িয়ে দেওয়ারও তো উপায় নেই! বিশ্বকাপের পর একটা মাত্র ওয়ানডে সিরিজই খেলেছে বাংলাদেশ। সেটা গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে।
অধিনায়ক মাশরাফীর অনুপস্থিতিতে সেবার তামিম ইকবালের নেতৃত্বে খেলেছিল টাইগাররা। তিন ম্যাচ সিরিজে হতে হয়েছিল হোয়াইটওয়াশ। এরপর বাংলাদেশ ঘরে ও বাইরে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছে। সময়টা ভালো যাচ্ছিল না কোনো ফরম্যাটেই। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে জয়ে ফেরা বাংলাদেশের।
এবার ওয়ানডেতেও একই পথে হাঁটল কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার যা আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিতভাবেই।
বোলিংয়ে সাইফউদ্দিন দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। এরপর অন্যরাও আলো ছড়ালেন। জিম্বাবুয়ে তাই শুরু থেকেই ছিল পথ হারা। কখনো মাথা তুলে দাঁড়াতেই পারেনি। জানান দিতে পারেনি লড়াইয়ের।
দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওয়েসলি মাধেভেরে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন টিনোটেন্ডা মুতুমবডজি।
টাইগারদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২টি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মেহেদী হাসান মিরাজ। ১টি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ব্যক্তিগত মাইলফলকও হয়েছে এদিন। অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি পূরণ হয়েছে মাশরাফীর। মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক পূরণ করেছেন।
এর আগে লিটন দাসের ১২৬, মোহাম্মদ মিঠুনের ৫০ ও সাইফউদ্দিনের অপরাজিত ২৮ রানে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান লিটন দাস।
মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
