কভিড-১৯

যুক্তরাষ্ট্রসহ তিন দেশে প্রথম মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২০, ০২:৫১ এএম

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ রোগে প্রথবারের মতো নিজ দেশে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। গতকাল রবিবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে চীন ও বিশ্বের অন্যান্য দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৬ জনে।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত শনিবার ওয়াশিংটন স্টেটে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। সিএনএন জানাচ্ছে, প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এক ব্যক্তি গতকাল অস্ট্রেলিয়ার পার্থের একটি হাসপাতালে মারা গেছেন। বিবিসি জানাচ্ছে, থাইল্যান্ডে ৩৫ বছর বয়সী এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই ওই ব্যক্তি ডেঙ্গুতে ভুগছিলেন।

এদিকে গত শনিবার থেকে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ও আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। নতুন এ করোনাভাইরাসটিতে মৃত ও আক্রান্তদের অধিকাংশই চীনের নাগরিক। গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়।

শনিবার চীনের মূল ভূখণ্ডে নতুন করে আরও ৫৭৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আগের দিনের ৪২৭ জনের তুলনায় এদিন নতুন আক্রান্তে সংখ্যা ফের বৃদ্ধি পায়। গত এক সপ্তাহে এক দিনে নতুন আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা বলে গতকাল জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ। শনিবার এ শহরটিতে নতুন করে ৫৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় এবং এর বাইরে হুবেই প্রদেশজুড়ে আরও ৫ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়।

এদিন করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯-এ চীনের মূল ভূখণ্ডে ৩৫ জনের মৃত্যু হয়, এদের মধ্যে ৩৪ জনই হুবেই প্রদেশে মারা গেছে। অন্যজন মারা গেছে প্রতিবেশী হেনান প্রদেশে। শুক্রবারের ৪৭ জনের তুলনায় এদিন চীনে মৃতের সংখ্যা আরও কমেছে। চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে। কভিড-১৯ রোগে ভুগে চীনের বাইরে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। এতে চীনসহ বিশ্বজুড়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৯৭৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে চীনের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে আর চীনের বাইরে আক্রান্তে সংখ্যা ৬ হাজার ৬৭৬ জন নিয়ে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫০০ বলে জানিয়েছে সিএনএন। চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মূল ভূখণ্ডে আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৬২৫ জন রোগী সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এ সংখ্যাটি মোট আক্রান্তের ৫২ শতাংশ। তবে সুস্থ বলে ছাড়পত্র পাওয়া লোকজনও ফের আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। এখানে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে আরও ৩৭৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২৬ জন। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ইতালি ও ইরান, প্রাদুর্ভাব ছড়ানোর নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২৮ এবং মৃতের সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে। এখানে আক্রান্তদের ১০ শতাংশ চিকিৎসাকর্মী। ইতালি থেকে ইউরোপের বিভিন্ন দেশে এবং দক্ষিণ আমেরিকায় ভাইরাসটি ছড়িয়েছে।

ইরানে আক্রান্তের সংখ্যা ৫৯৩ এবং মৃতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে ইরানেই কভিড-১৯ রোগে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে। এখান থেকে মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে ভাইরাসটি ছড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত