প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে বাজে ভাবে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার এই ম্যাচটিতে সিনিয়রদের ভালো খেলার তাগিদ দিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন। রবিবার প্রথম ওয়ানডের আগের রাত পর্যন্ত দলের সঙ্গে তার যোগ দেওয়া হয়নি। যোগ দেন ম্যাচের দিন। তাই প্রথম ওয়ানডেতেও খেলা হয়নি এই অলরাউন্ডারের।
তবে দ্বিতীয় ম্যাচে ফিরছেন উইলিয়ামস। সঙ্গে ফিরছেন অসুস্থতায় প্রথম ম্যাচ খেলতে না পারা ক্রেইগ আরভিনও। উইলিয়ামস তাই প্রথম ম্যাচ ভুলে সামনে তাকাচ্ছেন, ‘সবদিক থেকেই গতকাল আমাদের জন্য হতাশার ছিল। এগিয়ে যাওয়ার জন্য আগামীকাল একটি পরিকল্পনা রাখা হবে মূল বিষয়। আশা করি আমি কিছুটা শক্তি এবং স্থিরতা আনতে পারব। ক্রেইগ আরভিন ফিরছে, তাই আমরা খেলার জন্য তৈরি।’
সিনিয়র খেলোয়াড়দের পারফর্ম করার কথা উল্লেখ করে উইলিয়ামস বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভালো খেলা গুরুত্বপূর্ণ। ব্রেন্ডন (ব্রেন্ডন টেইলর) এবং রাজার (সিকান্দার রাজা) মতো খেলোয়াড় আমাদের দলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের জ্বলে ওঠাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে।’
শুধু এই সিরিজেই নয়। বাংলাদেশের বিপক্ষে আসলে অনেক দিন ধরেই সেভাবে নিজেদের মেলেই ধরতে পারছে না জিম্বাবুয়ে। উইলিয়ামস বলছেন, ‘আমি মনে করি না এটা মানসিক অচলাবস্থার ব্যাপার। আমি মনে করি এটা খুবই সাধারণ ব্যাপার, কীভাবে আমরা নিজেদের মেলে ধরব এবং বোর্ডে রান যোগ করব।’
‘বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের বিপক্ষে সেঞ্চুরি করছে। আমাদেরও সেঞ্চুরি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে।’ যোগ করেন উইলিয়ামস।
