ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে মামলা করেছেন ওই নির্বাচনে বিএনপি সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এ মামলা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিবাদী করা হয়েছে। মামলার বিবাদী অন্যরা হলেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যুগ্মসচিব মো. আবুল কাশেম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী ডা. আহম্মেদ সাজেদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির বাঘ প্রতীকের প্রার্থী শাহিন খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসুদ।
মামলায় তাবিথের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতি-অনিয়ম হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। যে কারণে এই নির্বাচন বাতিল এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতে মামলা করা হয়েছে। মামলায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়েও আবেদন করা হয়েছে।
তাবিথ আউয়ালের আইনজীবীরা দেশ রূপান্তরকে বলেন, সিটি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির বিষয়গুলোর ভিডিও ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কাটিং এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছাড়া অন্য মেয়র প্রার্থীরা যেসব অভিযোগ তুলেছিলেন সেগুলো লিখিত আকারে জমা দেওয়া হয়েছে মামলার ডকুমেন্ট হিসেবে। আদালত সব দিক বিবেচনা করে ডিএনসিসি নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তাবিথের আইনজীবীরা।
মামলার করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম। গতকাল তিনি বলেন, এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন। এর আগে গত রবিবার বিকালে মামলা দায়ের করতে গিয়েছিলেন তাবিথ আউয়ালের আইনজীবী। কিন্তু সেদিন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
