ঢাকার সাভার থেকে চুরি হওয়ার এক দিনের মধ্যেই ফাহিম নামে সাত মাসের শিশুকে উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার ফরিদপুরের সালথার বড় খায়েরদিয়ায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন ও তার সহযোগী জাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, শিশুর মা শারমিন আক্তার স্কয়ার হাসপাতালে সহকারী নার্স হিসেবে কর্মরত। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী পশ্চিমপাড়ায় থাকেন। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফাহিমকে নানি পারুল বেগমের কাছে রেখে কর্মস্থলে যান শারমিন। নানি রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে জেসমিন কৌশলে শিশুকে ছাদে নেওয়ার কথা বলে বাসা থেকে চুরি করে ফরিদপুরে চলে যায়।
