সাংবাদিক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের জন্ম ময়মনসিংহে ১৮৯৭ সালের ৩ নভেম্বর। তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করার পর কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন; কিন্তু অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে ১৯২১ সালে উপাধি পরীক্ষা পাস করেন। ১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তার সাংবাদিক জীবন শুরু হয়। পরে তিনি সাপ্তাহিক মোসলেম জগৎ, দ্য মুসলমান, দৈনিক সোলতান প্রভৃতি পত্রিকায় কাজ করেন। ১৯৩৬ সালে দৈনিক আজাদে যোগদান করেন। ১৯৬৪ সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তানের সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৭২ সালে অবসরগ্রহণ করেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি কংগ্রেসে যোগ দেন। ১৯৪৬ সালে মুসলিম লীগের মনোনয়ন নিয়ে তিনি ময়মনসিংহ থেকে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫২ সালে ছাত্র হত্যার প্রতিবাদে তিনি আইন পরিষদের সদস্য পদ ও মুসলিম লীগ সংসদীয় পার্টি ত্যাগ করেন। তিনি পাকিস্তান সরকারের শোষণ ও দুর্নীতির বিরোধিতা করলেও পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ : ‘পোড়োজমি বা অনাবাদী জমি’, ‘ত্রিস্রোতা’, ‘খরতরঙ্গ’, ‘নতুন চীন নতুন দেশ’, ‘পলাশী থেকে পাকিস্তান’, ‘অতীত দিনের স্মৃতি’ ইত্যাদি। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন। ১৯৭৮ সালের ৪ মার্চ তিনি মারা যান।
×
