করোনা আতঙ্কে হ্যান্ডশেক নয়

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:০২ এএম

যেকোনো খেলাই হোক, ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়রা করমর্দন করেন। এটি গেম স্পিরিটের অংশ। কিন্তু এখন থেকে এই পথে হাঁটবেন না ইংলিশ ক্রিকেটাররা। বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তারা আর করমর্দন করবেন না। কারণ হলো করোনাভাইরাস, করমর্দনের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ার ভয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন জো রুটরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশ ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। জ্বর-ঠা-ার জন্য বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ ছিলেন। তাই আর ঝুঁকি নিতে চান না ইংলিশরা। দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার রাতেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে ইংল্যান্ড। এই সিরিজ থেকেই নতুন ‘স্পিরিট’ পদ্ধতি নিয়েছে তারা। রুট জানান, ‘দক্ষিণ আফ্রিকায় দলের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই আমরা একে অপরের সংস্পর্শে আসাটার ব্যাপারে খুবই সচেতন হয়েছি। ব্যাকটেরিয়া না ছড়ানোর বিভিন্ন পদ্ধতি শিখিয়েছেন আমাদের চিকিৎসক বন্ধুরা। এর মধ্যে একটি আমরা করমর্দন করব না বরং ফিস্ট বাম্প (হাত মুঠ করে মেলানো) করব। তাছাড়া বারবার হাত ধুচ্ছি, নিজেদের ব্যবহারের জায়গা পরিষ্কার রাখছি। আমরা জেনেছি এতে ব্যাকটেরিয়া ছড়ানোর ভয় কম থাকে।’  ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত