ভারত অংশ না নিলে মুজিববর্ষের পূর্ণতা পাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে ক্ষমতায় কোন সরকার তা বিবেচ্য নয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েক মাস আগে। তিনি তা গ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনো দেশের যদি এককভাবে অবদান থাকে তা ভারত। বাংলাদেশের এক কোটি মানুষ সেখানে (ভারত) আশ্রয় নিয়েছিল, তারা সর্বাত্মকভাবে আমাদের সহায়তা করেছে।’
শিক্ষার্থীরা বাংলাদেশে মোদির আগমনের বিরোধিতা করছেনÑ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, ‘যারা সবসময় ভারত-বিরোধিতার রাজনীতি করে এবং সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার চেষ্টা করে, তাদের পক্ষ থেকে এগুলো করা হচ্ছে।’
ভারত-বিরোধিতাই বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত-বিরোধিতার রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ অবান্তর কথাগুলো বলছেন।’
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে শিল্প ঘোষণার জন্য আইনি নোটিসের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘একজন আইনজীবী উকিল নোটিস দিয়েছেন। এটি আপনার কাছ থেকে শুনে জবাব দেওয়া আমি মনে করি সমীচীন নয়। আমাকে জানতে হবে কী উকিল নোটিস দিয়েছেন, আমাকে দেখতে হবে। তারপর আমি সেটার জবাব দিতে পারব।’
