যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, সোমবারের পর গতকাল মঙ্গলবার সকালে আঘাত হানা ঘূর্ণিঝড়ে রাজ্যের বড় শহর ন্যাসভিলের অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ন্যাসভিলের মেয়র জন কুপার জানান, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রতি প্রতিবেশীদের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ঘূর্ণিঝড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় শহর অন্ধকারে ঢেকে গেছে। ন্যাসভিলের বিদ্যুৎ বিভাগ বলছে, ৪৪ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিমান কর্র্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড়ে শহর থেকে ৮ মাইল দূরের জন সি তুন বিমানবন্দরেও ক্ষতির ছাপ স্পষ্ট হয়েছে। ন্যাসভিলের পুলিশ বলছে, গ্যাসলাইনে লিকেজ হয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। আহতদের উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা হাসপাতালে ভর্তি করেছেন। ন্যাসভিলের জরুরি অভিযান কেন্দ্র বলছে, বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে একটি কৃষি মার্কেট থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ব্যাপক ক্ষতির পর শহরের স্কুল, আদালত ও পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশীদের প্রাইমারি সুপার টুইসডে উপলক্ষে ১৪ অঙ্গরাজ্যের ভোটাভুটির অন্যতম এই টেনেসি। বিদ্যালয়ে ভোটের বুথ খোলা রাখা হলেও ঘূর্ণিঝড়ের কারণে চারটি বুথ স্থানান্তর করতে হয়েছে।
