শুদ্ধানন্দ মহাথেরোর মহাপ্রস্থান

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০২:৪১ এএম

রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো (৮৭) আর নেই। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো মারা যান। সমাজসেবায় একুশে পদক পাওয়া শুদ্ধানন্দ মহাথেরো দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ভারত থেকে চিকিৎসা শেষে তিন দিন আগে দেশে ফেরেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছে ফের অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।

অশোক বড়–য়া জানান, ল্যাবএইড থেকে শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহ মঙ্গলবার দুপুরে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে নেওয়া হয়। শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবায় নিবেদিত বুড্ডিস্ট সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন অহিংসার একজন অগ্রপথিক এবং শান্তি ও মানবতার দূত। তার মৃত্যুতে বাংলাদেশ ও বৌদ্ধ সমাজের অপূরণীয় ক্ষতি হলো। ঢাকায় ভারতীয় হাইকমিশনও শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে ফেইসবুকে শোক প্রকাশ  করে বার্তা দিয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুদ্ধানন্দ মহাথেরো ১৯৩৩ সালে ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায় জন্মগ্রহণ করেন। সমাজসেবায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত