উবারের মোটরসাইকেল চালককে বাস চাপা

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৩:৩৮ এএম

রাজধানীর খিলক্ষেতে লা-মেরিডিয়ান হোটেল সংলগ্ন সড়কে গতকাল মঙ্গলবার সকালে বাস ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপসের মোটরসাইকেল চালক আবদুল মজিদ (৩০) নিহত হয়েছেন। তিনি নওগাঁ মহাদেবপুর উপজেলার দেলোয়ার হোসেন ম-লের ছেলে। থাকতেন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী সুমি আক্তার (৩২) গুরুতর আহত হয়েছেন। পুলিশ চালককে আটক ও ঘাতক বাসটি জব্দ করেছে।

খিলক্ষেত থানার এসআই সজিব হোসেন রাজু জানান, মজিদ পাঠাও রাইড শেয়ারিং অ্যাপসভিত্তিক মোটরসাইকেল চালাত। সকালে যাত্রী সুমিকে নিয়ে বিমানবন্দর রোড দিয়ে যাচ্ছিল। মাঝপথে গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মজিদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত সুমির ভাই বিল্লাল জানান, বারিধারা ডিওএইচএস এলাকায় একটি বাসায় কাজ করে সুমি। সোমবার রাতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসে। গাবতলী থেকে পাঠাও নিয়ে বারিধারা যাওয়ার সময় সে দুর্ঘটনায় পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোপালগঞ্জে সেনাসদস্য নিহত : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অচিন্ত কুমার বিশ্বাস (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী বাসনা মজুমদার (৩০) ও তার স্ত্রীর বন্ধবী যুথি (২৮) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অচিন্ত কুমার বিশ্বাস রংপুর সেনানিবাসে ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত : কক্সবাজারের চকরিয়া ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এর মধ্যে চকরিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। গাজীপুরে পিকআপের ধাক্কায় একজন নিহত : গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছে। গতকাল সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত