চাকরিচ্যুত হচ্ছেন নকিয়ার রাজীব সুরি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১১:১৮ পিএম

এক দশকেরও বেশি সময় ধরে নকিয়া ও নকিয়া সিমেন্স নেটওয়ার্কসে প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন শেষে সরে দাঁড়াচ্ছেন রাজীব সুরি। ফাইভ-জি ব্যবহারে হুয়াওয়ে ও এরিকসনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ বাজার হারানোর কারণে কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৫৭ বছর বয়সী পেক্কা লন্ডমার্ক। আগামী সেপ্টেম্বর মাস থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন। গত সোমবার (২ মার্চ) নকিয়ার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নকিয়ার পরিচালনা পর্ষদের কাছে রাজীব সুরি আগেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। চলতি বছর কোম্পানিটি নতুন করে সবকিছু শুরু করতে চায় যার প্রথম ধাপ হিসেবে ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে তারা। নতুন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার চিন্তাও করছে নকিয়া।

রাজীব সুরি বলেছেন, ‘নকিয়াতে আমি ২৫ বছর পার করেছি। এখন ভিন্ন কিছু করতে চাই। নকিয়া সব সময় আমার অংশ হয়ে থাকবে। আমি যাদের সঙ্গে কাজ করেছি, সবাইকে সাহায্যের জন্য ধন্যবাদ দিতে চাই।’

নকিয়া বোর্ডের চেয়ারম্যান রিস্টো সিলাসমা বলেছেন, ফাইভ-জি বিশ্বকে সামনে রেখে পেক্কা নকিয়াতে যোগ দিতে আগ্রহী হয়েছে জেনে আমি আনন্দিত। পুরো বোর্ডের পক্ষ থেকে রাজীবকে ধন্যবাদ। নতুন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে রাজীবও ঘনিষ্ঠভাবে কাজ করেছে। লুন্ডমার্কের আগে ফিনল্যান্ডের এনার্জি কোম্পানি ফরটার্মের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। রাজীব সুরি আগামী ৩১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন শেষে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত নকিয়া বোর্ডে পরামর্শকের ভূমিকায় থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত