প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় আগামী এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সম্মেলন কার্যত বাতিল করা হয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে বিপুল জনসমাগমের বসন্তকালীন সম্মেলনটি তারা ভার্চুয়াল বা অনলাইনে করবে। ওই সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা রেজিস্ট্রেশন করছিলেন, গতকাল তাদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থা দুটি।
তারা বলেছে, করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় তারা বিপুল জনসমাগমের সম্মেলনটি অনলাইনে করবে। তাই সম্মেলনে অংশ নিতে প্রতিনিধি, পর্যবেক্ষক, অতিথি, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের নিবন্ধন স্থগিত করা হয়েছে।
নিবন্ধন কাজে ইতিমধ্যে যাদের নিশ্চয়তা দেওয়া হয়েছিল, সেগুলোও বাতিল করা হবে। অফিশিয়াল সেশনে যেসব কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তী নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
ই-মেইলে বলা হয়েছে, এটা নিশ্চিত যে, আমরা আমাদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনে সদস্যদের সঙ্গে জরুরি নীতি আলোচনা করতে সক্ষম হব। আমরা বিশ্বব্যাংক ও আইএমএফের বিভিন্ন বিশ্লেষণও বিনিময় করব। আইএমএফ ও বিশ^ব্যাংক বলেছে, ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্ল্যাগশিপ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ও ফিসক্যাল মনিটর প্রকাশ করা হবে বলেও উল্লেখ রয়েছে এতে।
