খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় জামাকের উদ্বেগ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০১:১৮ এএম

খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)  সদস্যদের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (জামাক)। গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম (এনডিসি) বলেন, ‘বিজিবি কর্র্তৃপক্ষ কোনোভাবেই এ হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতির উদ্ভব হয়েছিল কি না, এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে বিজিবির একজন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বিজিবির মতো প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হওয়া এবং এতে একজন বিজিবি সদস্যসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, বিজিবির সদস্যদের গুলিবর্ষণের কারণেই হোক অথবা গ্রামবাসীর দ্বারা বিজিবির অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর কারণেই হোক, পাঁচজনই নিহত হয়েছে বিজিবির হেফাজতে ও নিয়ন্ত্রণে থাকা অস্ত্রের গুলিতে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এ বিষয়ে তদন্তপূর্বক গৃহীত ব্যবস্থা কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত