রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় একটি পিকনিকের বাসে ২০ হাজার পিস ইয়াবা বহনকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাবলু শেখ (৩৫), মো. মোস্তাক (১৬), বাদল হাসান ওরফে রনি (২২), মো. জামাল (৩৫) ও মো. রায়হান সরকার (৩০)।
র্যাব-২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন মিরপুর রোডস্থ উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও মহোদয়ের অফিস সংলগ্ন ২২/১০ তেজগাঁও নির্মাণাধীন বাড়ির সামনে রাত সাড়ে ১০টার দিকে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই বাসের স্টাফ।
