যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শানুর আহমেদ দাইয়ান (১৬) নামে ওই কিশোরকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
দাইয়ানের আদিনিবাস মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামে। সে শরীফ আহমেদ এবং ফাতেমা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে বড়। সহপাঠীদের সঙ্গে বিবাদের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
নিহত দাইয়ানের দাদা ও গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি শফিকউদ্দিন আহমদ দেশ রূপান্তরকে জানান, কিছুদিন আগে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মারামারিতে দাইয়ানসহ উভয় বলয়ের কয়েকজন আহত হয়। পরে গত সোমবার রাতে চিকিৎসক দেখাতে বাসা থেকে বের হয় সে। এর মধ্যে প্রতিপক্ষের আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার জন্য তার কাছে একটি ফোনকল আসে। তাদের দেখে হাসপাতাল থেকে বের হওয়ার পর আর দাইয়ানকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন স্থানীয় সময় ৪টার দিকে মায়ের সঙ্গে শেষ কথা হয় এবং ৭টার পর তার মোবাইল ফোন বন্ধ পায় পরিবার। এরপর মঙ্গলবার বিকেলে ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছ থেকে পুলিশ দাইয়ানের লাশ উদ্ধার করে।
