অভ্যন্তরীণ কোন্দলের জের

গণফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা ড. কামালের

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০২:৪২ এএম

অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্যে গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলের সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। একই সঙ্গে নিজেকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করেছেন তিনি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো ড. কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৯ সালের ৫ মে গণফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সম্প্রতি দলে কোন্দল দেখা দেয়। এরই জের ধরে গত সোমবার যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আবদুল হাছিব চৌধুরীকে বহিষ্কারের কথা জানানো হয়। পরের দিন মঙ্গলবার বহিষ্কৃতরা দলের সাধারণ সম্পাদক  ড. রেজা কিবরিয়া, সহসভাপতি মহসীন রশীদ, শফিকউল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদকে বহিষ্কার করেন।

কামাল হোসেন বলেন, ‘বিশেষ কাউন্সিল ২০১৯ কর্র্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আমি গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পুনরায় কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করছি। এই কমিটির অন্য সদস্যদের নাম এ মাসের মধ্যেই ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে মহানগর, জেলা, উপজেলা বা থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি আগের মতো বহাল থাকবে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দলের গঠনতান্ত্রিক সব ক্ষমতা প্রয়োগ করবে।’ তিনি আরও বলেন, ‘সাংগঠনিক স্থবিরতা দূরে ২০১৯ সালের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল হয়। সেখানে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনের দায়িত্ব সভাপতিকে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে তিন-চারজন কেন্দ্রীয় নেতা নিজের পছন্দমতো কেন্দ্রীয় কমিটি গঠন করে সভাপতির অনুমোদন নেন। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের গতি সৃষ্টির পরিবর্তে অচলাবস্থার সৃষ্টি হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত