সাহিত্যিক ও সাংবাদিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের কাছে আরাকাতাকা শহরে। তার ডাকনাম ছিল গাবো। ১৯৪৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এ সময় তার দুটি ছোটগল্প পত্রিকায় প্রকাশিত হয়। মার্কেসের জীবনে সাফল্য ও খ্যাতির পেছনে সবচেয়ে বেশি অবদান স্ত্রী মের্সেদেস বার্চার। মার্কেসের বয়স যখন মাত্র ১৪, তখনই তাদের প্রথম দেখা হয়। সেই দেখায়ই প্রেমে পড়ে যান; আর সেদিনই তিনি ভবিষ্যদ্বাণী করেন, ‘এই বালিকাই একদিন আমার স্ত্রী হবে।’ ১৯৪৫ সালে তাকে নিয়ে কবিতাও লিখেছিলেন। ভবিষ্যদ্বাণী সত্যি হয় ১৯৫৮ সালে। ১৯৫০ সালে আইন পড়া বন্ধ করে তিনি পেশাজীবন শুরু করেন সাংবাদিকতার মাধ্যমে। তিনি বারানকিইয়া শহরের এল এরালদো পত্রিকায় প্রতিবেদক এবং কার্তাহেনা শহরের এল উনিবের্সাল পত্রিকায় সম্পাদকের কাজ করেন। পরে তিনি কলম্বিয়ার রাজধানী বোগোতায় আসেন এবং এল এস্পেক্তাদোর পত্রিকায় কাজ করেন। তিনি রোম, প্যারিস, বার্সেলোনা, ক্যানসাস ও নিউ ইয়র্কে বিদেশি সংবাদদাতা হিসেবেও কাজ করেন। ‘নিঃসঙ্গতার ১০০ বছর’ বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এটি তার সবচেয়ে ব্যবসাসফল উপন্যাস, যা সারা বিশ্বে ২৫টি ভাষায় অনূদিত হয়। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল মেক্সিকো সিটিতে তিনি মারা যান।
×
