প্রতিনিয়ত নতুন চরিত্রের খোঁজ করি

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১২:১৬ এএম

ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ‘কী হবে আর কী হবে না’- এসব ভাবেন না তিনি। তাই তো অভিনয়জীবনের দীর্ঘসময় পার করলেও তিনি এখনো একই রকম। তবে ইদানীং অভিনয় কমিয়ে দিয়েছেন। এসব নিয়েই তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

করোনার ভয়ে ওমরাহ বাতিল

মনস্থির করেছিলাম ওমরাহ পালন করতে যাব। সেভাবেই সব পরিকল্পনা করেছিলাম। ওমরাহের প্রক্রিয়াও শুরু করেছিলাম। যেভাবে সারা বিশে^ করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাতে সৌদি আরব সরকার নিরাপত্তার জন্য ওমরাহ স্থগিত করেছে। তাই শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করতে হলো। তবে সব ঠিক হয়ে গেলে আমি ওমরাহ করতে যাব।

বিউটিশিয়ান অহনা...

শ্যুটিং নিয়ে ব্যস্ততা কমিয়ে দিলেও আমার কাজের কোনো শেষ নেই। সারা দিনই কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি। আসলে ব্যস্ত থাকাটা আমার স্বভাব। কাজ না করে পড়ে পড়ে ঘুমাতে পছন্দ করি না। এই যেমন, এখন বেশিরভাগ সময় দিচ্ছি আমার বিউটি পার্লার ‘অহনা বিউটি স্যালন’-এ। এটি উত্তরার ১৩ নম্বর সেক্টরে। যখন কোনো কাজ না থাকে তখন নিজেই বউ সাজাতে লেগে পড়ি। এখনো একজন বউকে সাজাতে ব্যস্ত (গতকাল বিকেল ৫টায়)। আমি পার্লারে উপস্থিত থাকাকালীন কোনো ক্লায়েন্ট যদি চায় আমার হাতে সাজবে তাহলে আমি সব ক্লান্তি ভুলে সাজাতে বসে পড়ি। সাজগোজ আমার কাছে একটা নেশার মতো। আমি সাজালে সবাই বলে, ‘সিগনেচার বাই অহনা’। বিষয়টি আমি উপভোগ করি।

নতুন কাজ

প্রতিনিয়ত নতুন চরিত্রের খোঁজ করি। যার মাধ্যমে দর্শক প্রতিনিয়ত সম্পূর্ণ অন্য এক অহনাকে আবিষ্কার করতে পারেন। সম্প্রতি তেমনি একটি কাজ করেছি। ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের এই ওয়েব সিরিজের গল্পটি অসাধারণ। অন্য ওয়েব সিরিজ থেকে এটিকে আলাদা করা যাবে। এতে আমাকে দেখা যাবে বিধবা এক নারীর চরিত্রে। রত্না নামের এ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সুমন আনোয়ার পরিচালিত এ ওয়েব সিরিজে অভিনয় করে আমিও বেশ তৃপ্ত। নতুন এ মাধ্যমে অভিনয় করতে গিয়ে কিছু ভিন্নতা চোখে পড়েছে। ওয়েব সিরিজের কনটেন্ট কিছুটা ভিন্ন ধরনের। টিভি নাটকের চেয়ে এর বাজেটও বেশি। অনেক সময় নিয়ে দৃশ্যধারণ করা হয়। অনেক যত্নের ছাপ থাকে। তাই এ মাধ্যমে বেশ আগ্রহ নিয়েই অভিনয় করছি।

পর্দায় উপস্থিতি কম

অভিনয় কমিয়ে দিয়েছি। নাটকে কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ধারাবাহিকে আপাতত আর অভিনয় করব না। গত কয়েক মাস কোনো ধারাবাহিকে শ্যুটিং করিনি, যেজন্য পর্দায় উপস্থিতি কমে গেছে। ওয়েব সিরিজ ও একক নাটকেই শুধু অভিনয় করছি। কারণ ধারাবাহিকে গল্প আমাকে আর সেভাবে টানে না। একই ধরনের গল্প-চরিত্রে কত কাজ করা যায়। সত্যি বলতে, এখন ভিন্নধর্মী গল্প ও চরিত্রের খুব অভাব। বারবার একই চরিত্র। একই রকমের গল্পে অভিনয় করা বেশ বিরক্তিকর একটি বিষয়। এখন গল্পের দুর্বলতা, চরিত্রের ধারাবাহিকতা না থাকা, বাজেট সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে দর্শক নাটক থেকে মুখে ফিরিয়ে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত