ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদল শেষ হলো গতকাল। শেষদিন সিলেটে জাতীয় ক্রিকেটারদের জন্য দলবদল রেজিস্ট্রেশনের আলাদা ব্যবস্থা করা হয়। প্রথম দুই দিনে নিরুত্তাপ দলবদল হয়, শেষদিন জাতীয় তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর দলবদল হয়েছে। দলবদলে এবার ছিল না প্লেয়ার্স ড্রাফট। তাই ক্রিকেটাররা পছন্দমতো দল ঠিক করতে পেরেছেন। এতে শুধু মুশফিকুর রহিমকে নিয়েই একটু ধোঁয়াশা ছিল। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিজেন্ডস অব রূপগঞ্জ ছেড়ে আবাহনীতে যোগ দেন কি না সেটাই ছিল দেখার। শেষদিন ধোঁয়াশা কেটেছে মুশফিক আবাহনীর হয়ে রেজিস্ট্রেশন করায়। আবাহনীতে মুশফিকের সঙ্গে থাকছেন লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখরা। এছাড়া বাকি ক্রিকেটারদের রেজিস্ট্রেশন আগেই হয়েছে।
আগেই জানা ছিল মাশরাফী যোগ দিচ্ছেন শেখ জামাল ধানম-ি ক্লাবে। কাল আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন করলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। আজ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন মাশরাফী। গত মৌসুমে আবাহনীর হয়ে খেলেছিলেন মাশরাফী। একইভাবে সিলেটের রেজিস্ট্রেশন পর্বে শেখ জামাল থেকে গাজী গ্রুপ ক্রিকেটার্সে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল কলাবাগান ক্রীড়াচক্রে খেলেছেন গতবার। এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন। সতীর্থ হিসেবে পাচ্ছেন মোহাম্মদ মিথুন ও মোস্তাফিজুর রহমানকে। এছাড়া দুই পেসার আল-আমিন হোসেন প্রাইম ব্যাংক থেকে এবং শফিউল ইসলাম মোহামেডান থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন।
