ইতিহাস গড়া জুটিতে রানপাহাড়ে বাংলাদেশ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৭:৪৩ পিএম

অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে ২৯২ রানের রেকর্ড ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজের ক্রিকেট ইতিহাসে একই ম্যাচে প্রথমবারের মতো দুই ওপেনার সেঞ্চুরি হাঁকিয়ে দলকে টানা তিন ম্যাচে তিন শতাধিক রানের সংগ্রহ এনে দিয়েছেন।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার ৩ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। বৃষ্টি বাধায় পুরো ৫০ ওভার ব্যাট করা হয়নি। প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকায় দুই দলেরই ৪৩ ওভার করে ব্যাট করতে হচ্ছে। বৃষ্টি আইনে টার্গেটও তাই বেড়ে গেছে জিম্বাবুয়ের। এই কার্টেল ওভারে তাদের করতে হবে ৩৪২ রান।

দুই উদ্বোধক লিটন দাস এবং তামিম ইকবালের এই জুটি যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের নজির। দুই ওপেনার এই প্রথম এক সঙ্গে সেঞ্চুরি করলেও এক ম্যাচে বাংলাদেশিদের দুই সেঞ্চুরির আছে আরও তিনটি।

ওয়ানডে ক্রিকেটের বৈশ্বিক হিসাবে বাংলাদেশের এই ২৯২ তৃতীয় সর্বাধিক রানের ওপেনিং জুটি। এ যাবৎ কালের সবচেয়ে বড় ওপেনিং জুটি ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালের ৫ মে শাই হোপকে (১৭০) নিয়ে জন ক্যাম্পবেল (১৭৯) ৩৬৫ রান করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে।

তার এক বছর আগে এই জিম্বাবুয়ের বিপক্ষে ইমাম-উল-হক (১১৩) এবং ফখর জামান (২১০*) ৩০৪ রান করেন।

লিটন এদিন ১৭৬ রানে সাজঘরে ফেরেন। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ৪১তম ওভারের পঞ্চম বলে কার্ল মুম্বার বলে লংঅনের বাউন্ডারি লাইনে সিকান্দার রাজার হাতে ধরা পড়ার আগে ১২৩.০৭ স্ট্রাইক রেটে ১৬টি চার এবং ৮টি ছয় হাঁকান। তার সঙ্গে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকানোর পর তামিম অপরাজিত থাকেন ১২৮ রানে।

১০৯ বলের ইনিংসে ১১৭.৪৩ স্ট্রাইক-রেটে সাতটি চার এবং ছয়টি ছয় হাঁকিয়েছেন দেশসেরা ওপেনার তামিম।

বাংলাদেশের ওপেনিংয়ে আগের সর্বোচ্চ রানের জুটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন উদ্বোধনীতে ১৭০ রান করেন। তাদের রেকর্ড জুটির পরও অবশ্য বাংলাদেশ হেরেছিল।

লিটন দাস সাজঘরে ফেরার পর রিয়াদ (৩) উইকেটে আসেন। নিজের চতুর্থ বলে বিদায় নিতে হয় তাকে। ৪৩তম ওভারের প্রথম বলে মুম্বার ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লিউ হন।

এরপর ইনিংসের শেষ ওভারে আউট হন আফিফ হোসেন (৭)। এই উইকেটও নেন মুম্বা।

মুম্বা ৩ উইকেট নিতে ৬৯ রান খরচ করেন। সবচেয়ে বেশি ঝড় গেছে সিকান্দার রাজার ওপর দিয়ে। সাত ওভারে ৯.১৪ গড়ে ৬৪ রান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত