মুম্বাইয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। বিশ্বকাপ ফাইনালের চাপ কেমন সেটা ভালোই জানেন ভারত গ্রেট। রবিবার মেলবোর্নে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত খেলবে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনালে নামার আগে দলকে চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন শচিন। এবারই প্রথম টি-টোয়েন্টি ফাইনালে ভারতীয় নারীরা।
শচিন বলেছেন চাপমুক্ত থেকে নিজের সেরাটা দিতে। দু’বছর আগে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। লর্ডসের সেই ফাইনালে ভারত হেরেছিল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। আবারও তাদের সামনে স্বাগতিক দল। এবার অস্ট্রেলিয়া। শচিন বলেন, ‘বাইরের কারও কথায় কান দিও না। চাপ রেখো না। লর্ডসের ওই হারের স্মৃতিটাকে বিদায় করে দাও। ওটাকে মন থেকে মুছে ফেলো, চাপ নিও না।’ মুম্বাইয়ে বৃহস্পতিবার এক বইয়ের উন্মোচন অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন টেন্ডুলকার। তিনি আরও বলেন, আমি তাদের বলতে চাই একসঙ্গে থাকতে। (দলের) বাইরের সঙ্গে এখন সময় কাটানোর প্রয়োজন নেই। একে অন্যের সঙ্গে থাকো। যদি সবাই একসঙ্গে থাকে এবং পজিটিভ চিন্তা করে, সেটা কাজে দেবে। আশা করি সাফল্য আসবে। আমি তাদের ফলো করছি, তাদের পারফরম্যান্স অন্যদের উৎসাহিত করছে।’ এ সময় শচিন তার ২০১১ বিশ্বকাপের স্মৃতির কথাও জানান। বলেন ‘জানি এসব বলা (চাপ না নেওয়া) যতটা সহজ, করা ততটা সহজ নয়। কারণ, ২০১১ বিশ্বকাপে যখন খেলেছিলাম, যার সঙ্গেই দেখা হতো বলতেন, অন্য যেকোনো দলের কাছে হারতে পারো, কিন্তু পাকিস্তানকে হারাতেই হবে তোমাদের!’ ভারতীয় নারী দল এর আগে দু’বার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে হেরেছে।
