মুজিববর্ষ পালনে কেউ ক্ষমতার দাপট দেখাবেন না : কাদের

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:১১ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুজিববর্ষ উদযাপনে কেউ যাতে ‘আত্মপ্রচারে’ মগ্ন না হন, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার কথা বলেছেন। একইভাবে ক্ষমতার দাপট না দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, মুজিববর্ষ পালনের জন্য কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় এ কথা বলেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা মহানগরের দলীয় সাংসদদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন। ছবি ব্যবহার যারা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মনিটরিং করার জন্য দলের একটি টিম থাকবে। কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে জানিয়ে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে পোস্টারিং করতে গিয়ে নিজের নাম জাহির করার মতো ঘটনা যেন না ঘটে। আত্মপ্রচার করার জন্য যেন পোস্টার করা না হয়। কোথাও কোনো পোস্টারে যেন কারও ছবি না দেখি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে মুজিববর্ষ পালন করা হবে। মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ মনে দুঃখ পায়। দলের এসব আদেশ অমান্য করে কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে তা সহ্য করা হবে না।

অনুষ্ঠানে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, মুজিববর্ষ শুধু ১৭ মার্চের কর্মসূচি নয়। এটা সারা বছরের কর্মসূচি। ১৭ মার্চ বছরব্যাপী কর্মসূচির শুরু হবে। ওই কর্মসূচিতে বিদেশি অতিথিরা থাকবেন। দলীয় নেতাকর্মীরা এমন নম্র ও ভদ্র আচরণ করবেন যাতে কর্মীদের আচরণে তারা দল সম্পর্কে জানতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত