মুজিববর্ষ পালন না করা বিএনপি এবং তাদের মিত্রদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। গতকাল শুক্রবার দুপুরে কাজিপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে তিনি বলেন, মুজিববর্ষ এ দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে এখন উৎসবে পরিণত হয়েছে। অথচ বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে। এটা নিয়ে রাজনীতি করা হীনম্মন্যতার পরিচয়।
উপজেলার শুভগাছায় পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসিম। তিনি এদিন বিকেলে সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সদ্য নির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করেন।
