দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে ২-০তে হেরেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অজিদের খেলতে হবে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ককে ছাড়া।
আগামীকাল মেলবোর্নে নারী বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। যে দলে আছেন স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। তাই স্ত্রীর খেলা দেখার জন্য ১ ম্যাচ বাকি থাকতে ছুটি নিয়ে দেশে ফিরেছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার বলেন, ‘এমন সুযোগ জীবনে একবারই আসে। নিজেদের মাটিতে স্টার্ক হিলিকে বিশ্বকাপ ফাইনাল খেলতে দেখবে। আমরা তাকে তার স্ত্রীকে সমর্থন করার জন্য দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে খুশি।’
স্টার্ক ফিরে যাওয়াতে কোনো ধরনের সমস্যা হবে না। বরং অন্য পেসারদের মধ্যে কেউ একজন সুযোগ পাচ্ছেন। ল্যাঙ্গার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে দলে আরও পেস বোলার আছে। জশ হ্যাজেলউড, ঝে রিচার্ডসন, কেন রিচার্ডসনরা বসে ছিল আগের ম্যাচে। মিচেলের অনুপস্থিতি তাদের যেকোনো একজনকে সুযোগ করে দিচ্ছে।’
