গিনিতে সড়কে প্রাণ গেল ৮ ফুটবলারের

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৬:০৯ পিএম

প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়ার সময় টিম বাসের দুর্ঘটনার কবলে পড়ে গিনির দ্বিতীয় সারির এক ফুটবল ক্লাবের আটজন খেলোয়াড় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গিনিয়ান প্রফেশনাল ফুটবল লিগ (এলজিএফপি)।

এলজিএফপি’র এক বিবৃতির বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, নিহত সবাই গিনির দ্বিতীয় সারির ক্লাব এটয়লে দে গিনি’র খেলোয়াড়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। তাতে আট খেলোয়াড়সহ টিম বাসের চালকও প্রাণ হারিয়েছেন। আহত ১৯ জনের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

নিহতদের সবার আসল নাম পরিচয় জানা যায়নি। আহতদের একজন হলেন আলমামি কেইতা, যিনি লিভারপুলের মিডফিল্ডার নাবি কেইতার চাচাতো ভাই। গিনির রাজধানী কোনাক্রির বাইরে কিপের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনাটি ঘটে গিনির মামো অঞ্চলের টিমবো নামক জায়গায়। কারিফামোরিয়া এফসি’র বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলার জন্য রাজধানী কোনাক্রি থেকে সাড়ে ছয়শো কিলোমিটার দূরে গিনির পূর্বাঞ্চল কানকানে যাচ্ছিল এটয়লে দে গিনি’র টিম বাস। তাতে খেলোয়াড়, কর্মকর্তাসহ ছিলেন ২৭জন সদস্য।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গতির কারণে চাকা পিছলিয়ে পাশ্ববর্তী একটি গাছে জোরে ধাক্কা দেয় বাস। তাতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গিনির প্রেসিডেন্ট আলফা কোন্ডে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন লিভারপুরের গিনিয়ান মিডফিল্ডার কেইতা। শোক জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আতালান্টা ইউনাইটেডের গিনিয়ান ডিফেন্ডার ফ্লোরেন্টিন পগবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত