আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আয়োজনে ‘আপনার একটি অবদান, বাড়াবে নারীর জীবনের মান’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রবীন্দ্র সংগীতশিল্পী অনিমা রায়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, বসুন্ধরা গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (সেক্টর-এ) জেড এম আহমেদ প্রিন্স, বসুন্ধরা এলপি গ্যাসের জিএম, সেলস জাকারিয়া জালাল, বসুন্ধরা গ্রুপের ডিজিএম, সাপ্লাই চেইন (সেক্টর-এ) সরওয়ার হোসেন সোহাগ প্রমুখ।
সম্মেলনে জানানো হয়, জীবনযুদ্ধে হার না মানা নারীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। তাই গ্যাস বিক্রির অর্থের একটি অংশ বসুন্ধরা এলপি গ্যাস পরিবার ব্যয় করবে দুস্থ ও সুবিধাবঞ্চিত হার না মানা নারীদের পাশে দাঁড়াতে। নারীদের বিশাল কর্মমুখীতাকে সম্মান জানাতেই বসুন্ধরার প্রয়াস। যেসব দুস্থ নারী ক্ষুদ্র পরিসরে ব্যবসা করেও সংসার চালাতে পারছেন না বা শারীরিক অক্ষমতার কারণে ব্যবসা বৃদ্ধিতে অসমর্থ, তাদের জীবনমান উন্নত করতে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস। প্রতি তিন মাস অন্তর বসুন্ধরা এলপি গ্যাস নিজস্ব বিক্রয়কর্মী ও ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের সহযোগিতায় প্রাথমিকভাবে ১০ জন নারীর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
