নারায়ণগঞ্জে জেএমবির ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৪:৪২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ ওরফে ট্রুথ সিকদার (৩১), একই থানার মোহাম্মদ কাওসার আলম ওরফে ফরহাদ নূর (২৮), পাঁচলাইশ থানার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও কুমিল্লার বরুড়া থানার হাফেজ মো. রাকিবুল ইসলাম (২৫)।

র‌্যাব কর্মকর্তা ইমরান উল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শাসন কায়েমের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জে তাদের নাশকতার পরিকল্পনা ছিল। বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধারের কথা জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত