বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েটসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করে।
মহানগর : ৭ মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে হয় আলোচনা সভা। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অনেকে।
উত্তর জেলা : দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।
সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবলিত ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
