২০১৮’র এপ্রিলে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল উইন্ডিজ। ২০০৯ সালের পর জিম্বাবুয়ে বাদে প্রথম শক্তিশালী দল হিসেবে ক্যারিবিয়ানদের এই সিরিজটি পাকিস্তানের জন্য বিশাল গুরুত্বের ছিল। ওই সিরিজ দিয়ে পূর্ণাঙ্গভাবে দেশে ক্রিকেট ফেরানোর পদক্ষেপ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু উইন্ডিজকে এই সিরিজের জন্য আনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছিল পিসিবিকে। ১৩ সদস্যের ক্যারিবীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে দিতে হয়েছিল ২৫ হাজার ডলার। শনিবার পাকিস্তান জাতীয় সংসদের বিশেষ কমিটির কাছে এই তথ্য স্বীকার করেছেন পিসিবির বর্তমান প্রধান এহসান মানি।
এছাড়া আরও একটি সিরিজের জন্য অন্য একটি দলের ক্রিকেটারদের প্রত্যেককে ১৫ হাজার ডলার করে দেওয়া হয়েছিল বলে জানান এহসান মানি। তবে ওই দলের নাম বলেননি তিনি। সেটা হতে পারে ২০০৯ এর পর প্রথম দল হিসেবে ২০১৫ তে পাকিস্তান সফর করা জিম্বাবুয়ে অথবা ২০১৭ তে একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়া শ্রীলঙ্কা। মোটা অঙ্কের এই খরচ বহন করেছিল নাজাম শেঠির নেতৃত্বাধীন পিসিবির ওই সময়ের নির্বাচিত কমিটি। এহসান মানি জানান, তার সময়ে কোনো দল বা খেলোয়াড়কে পাকিস্তানে আনার ব্যাপারে কোনো অর্থ খরচ হয়নি। এহসান মানি পিসিবির দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা ও বাংলাদেশ সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে।
