যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবিহা আল সোহা জিতেছেন বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’র ম্যারাথন শিরোপা। গতকাল রাজধানীর হাতিরঝিলে এই ম্যারাথন দিয়ে শুরু হয় ১০১ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই ক্রীড়া আসর। বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল।
ছেলেদের ম্যারাথনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরিকুল ইসলাম রূপা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ জিতেছেন ব্রোঞ্জ। মেয়েদের ম্যারাথনে রুপা জিতেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারজিয়া আফরিন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদা আক্তার জেবা জিতেছেন ব্রোঞ্জ। সাইক্লিংয়ে ছেলেদের বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম রাসেল এবং মেয়েদের বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাজনীন জাহান পেয়েছেন স্বর্ণ। পোলারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা এবার মুজিববর্ষে হচ্ছে আরও বড় পরিসরে। ১২টি ইভেন্টে ৬৮৭টি পদকের জন্য হবে ৪২টি পৃথক পৃথক প্রতিযোগিতা। এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়নের স্বীকৃতি। আর একজন করে পুরুষ ও নারী খেলোয়াড় পাবেন ব্যক্তিগত সেরার পুরস্কার।
