মাশরাফী ভাইয়ের মধ্যে ক্যারিশমাটিক পাওয়ার ছিল: মাহমুদউল্লাহ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৬:১৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শুরু থেকেই ছিল মাশরাফীময়। শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে মাশরাফী বিন মোর্ত্তজা নিজের অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন। ওয়ানডে সিরিজ শেষে এখন টি-টোয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষা। তবে দেশের ক্রিকেট এখনো মাশরাফীময়।

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও মাশরাফী তাই কোনো না কোনো প্রসঙ্গে ঢুকে যাচ্ছেন। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠেও মাশরাফী বন্দনা। বলছেন, ক্যারিশমাটিক পাওয়ার ছিল তার মধ্যে। যা দিয়ে দলকে উজ্জীবিত করতে পারতেন মাশরাফী। এমনকি মাশরাফীর এই গুনটা আয়ত্ত করতে চান মাহমুদউল্লাহ।

ওয়ানডে অধিনায়ক মাশরাফীর অধিনায়ক হিসেবে বিদায়ের পর নতুন ওয়ানডে অধিনায়ক কে হচ্ছেন, এটি নিয়ে এখন সবার কৌতূহল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিংয়েই যে সিদ্ধান্ত হতে পারে। নতুন যিনিই দায়িত্ব পান, মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, মাশরাফী হবেন তাদের আদর্শ।

সোমবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফী ভাইয়ের সবচেয়ে ভালো গুন যেটা ছিল, ওনার মধ্যে একটা ক্যারিশমাটিক পাওয়ার ছিল। কারণ যখনই আমরা একটু নার্ভাস থাকতাম, একটু চিন্তা করতাম বেশি। তখন উনি আমাদের ঠান্ডা করে বোঝাতেন বা চিন্তা করতেন যে কীভাবে কি করলে আগানো যায়। বা কোন জিনিসটা করলে পার্টিকুলার কারো জন্য ভালো হবে। ওই গুনগুলো ছিল মাশরাফী ভাইয়ের।’

মাশরাফীর পর নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বর্তমানে টি-টোয়েন্টির নেতৃত্ব তার কাঁধে। ওয়ানডে অধিনায়কত্বের চ্যালেঞ্জটা পেলে সেটি নিতে তৈরি বলে জানান মাহমুদউল্লাহ।

‘অবশ্যই মাশরাফী ভাই টিমটা যেভাবে হ্যান্ডেল করেছেন, টিমকে এগিয়ে নিয়ে গেছেন। দ্যাট উইল বি এ বিগ চ্যালেঞ্জ টু গো ফরোয়ার্ড। তারপরও আমি একটা জিনিস বলতে চাই। যেই ক্যাপ্টেন হোক আমারা মনে হয় যে তার জন্য এটা এটা চ্যালেঞ্জ হবে। কারণ যদি আমরা সামনের দিকে এগোতে চাই আর ভালো ক্রিকেট খেলতে চাই, এর কোনো বিকল্প নেই- চ্যালেঞ্জ হ্যাজ টু অ্যাকসেপটেড। ওই অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত