বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৭:৩০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে অধিনায়কের ‘অধিনায়ক হিসেবে’ অবসরের দু’দিনের মধ্যে নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে দেওয়া হয়েছে ওয়ানডে দলের নেতৃত্ব।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত হয়। সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অল্প সময় বা সিরিজ বাই সিরিজ হিসেবে নয়, তামিমকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। যে দীর্ঘ সময়টাকে ‘অনির্দিষ্ট সময়’ পর্যন্ত উল্লেখ করেছেন বিসিবি বস। অর্থাৎ পারফরম্যান্সের ঘাটতি না হলে ২০২৩ বিশ্বকাপেও তামিমকেই দেখা যেতে পারে নেতৃত্বে।

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে মিশন পাকিস্তানের বিপক্ষে। ১ এপ্রিল করাচিতে স্বাগতিকদের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে টাইগাররা। সব ঠিক থাকলে সেই ম্যাচ থেকেই শুরু হবে তামিম ইকবালের অধিনায়কত্ব অধ্যায়। এরপর মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তবে তামিমের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে আগেই। গেল বছর বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে তামিমের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে টাইগাররা। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফী সেবার ছিলেন না।

তামিমের নেতৃত্বে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ২০৭ ওয়ানডে খেলা তামিম এখন পর্যন্ত তিন ওয়ানডেতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এর আগে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছেন তামিম।

এখন থেকে অবশ্য ভারপ্রাপ্ত নয়। ওয়ানডেতে টাইগারদের নিয়মিত অধিনায়কের নাম তামিম ইকবাল।

তিন ফরম্যাটে এখন বাংলাদেশের নেতৃত্ব তিনজনের হাতে। টেস্টে মুমিনুল হক ও টি-টোয়েন্টি টাইগারদের নেতৃত্ব মাহমুদউল্লাহর কাঁধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত