গোলটেবিলে অর্থমন্ত্রী

অর্থনীতি শক্তিশালী পুঁজিবাজার ঠনঠন এটা হতে পারে না

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:০৫ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন, সেটা তো হতে পারে না। সুতরাং এর কারণগুলো খুঁজে বের করতে হবে। সরকার সমাধান করে দেবে না। সরকার পুঁজিবাজার সমাধান করতে পারে না। তবে পুঁজিবাজারের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা সরকার করবে। পুঁজিবাজারে সমস্যা রয়েছে। সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমাধান দেখতে চাই। সমাধান আপনার হাত দিয়েই সম্ভব। সরকারের কাজ হবে পুঁজিবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। দেশের সামষ্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠন ঠন, সেটা তো হতে পারে না।

গতকাল রাজধানীতে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিদ্যমান আইনগুলোতে কোনো অসংগতি আছে কি না, সেগুলো দেখবেন। সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে, তাদেরও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন এক হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একীভূত না হয়ে একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারব না। পুঁজিবাজারে অবশ্যই আমাদের সফলতা পেতে হবে। সরকার অর্থনীতিকে কতটা শক্তিশালী করল এর রিফ্লেকশনটা পড়ে পুঁজিবাজারে। যেহেতু পুঁজিবাজারের সঙ্গে আমাদের অনেক মানুষ জড়িত, সুতরাং পুঁজিবাজার বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমরা পুঁজিবাজারকে আমাদের সঙ্গে দেখতে চাই, আমাদের অর্থনীতিতে দেখতে চাই। সে জন্য যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার, ব্যবস্থা আপনারা নেন, সরকার সব ধরনের সাহায্য করবে।

করোনাভাইরাসের কারণে দেশের শিল্প খাতে বেশ ধাক্কা আসতে পারে এ জন্য উদ্বেগ প্রকাশ করে এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, দেশের ওভেন খাতের কাঁচামালের সিংহভাগই আসে চীন থেকে। ডায়িং খাতের বড় অংশ আসে চীন থেকে। ফলে সামনের দিনে পরিস্থিতি খারাপ হলে বিপদ ঘনীভূত হতে পারে। এ জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আলোচনা প্রয়োজন। এটি দ্রুত সময়ের মধ্যেই করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতি ভালো চলছে কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাতিষ্ঠানিক দুর্বলতা। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এ ছাড়া আমরা যেন মধ্যম আয়ের ফাঁদে না পড়ি, সেদিকে খেয়াল রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত