ভারতে পাচারের সময় ব্যাগভর্তি টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এক ব্যক্তির ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়। ব্যাগ বহনকারী লোকটি পালিয়ে গেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী চৌধুরী জানান, গতকাল সকাল ৬টার দিকে সীমান্ত পিলার (১৯৮৫/৮-এস) থেকে ৫ গজ দূরে এক বাংলাদেশি জিরো লাইন অতিক্রম করার সময় হাবিলদার অমল দাশের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে উপস্থিত হয়। বিজিবির সদস্যদের দেখে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। বিজিবি ব্যাগটি উদ্ধার করে এর ভেতরে থাকা সাড়ে সাত লাখ টাকা জব্দ করে। ওই টাকা শায়েস্তাগঞ্জ কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
