কানাডায় মুসলিম নারীদের প্রতি সংহতি

আপডেট : ১০ মার্চ ২০২০, ১২:৩৫ এএম

হিজাব পরে মুসলিম নারীদের হিজাব পরিধানের অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছে কানাডিয়ান নারীরা। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই সমর্থন জানায়। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে  জানা গেছে।

কানাডার মন্ট্রিয়লের মুসলিম নারীদের সংগঠন ‘দ্য কানাডিয়ান কাউন্সিল অব মুসলিম উইমেন’ (সিসিএমডব্লিউ) অনুষ্ঠানটির আয়োজক ছিল। ‘কুইবেকস বিল ২১’-এর প্রতিবাদে তারা এই আয়োজন করে।

গত বছরের জুলাইয়ে কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হওয়া এই বিলে স্কুলশিক্ষক, পুলিশ অফিসার ও আইন কর্মকর্তাদের জন্য ধর্মীয় নিদর্শন ও পোশাক নিষিদ্ধ করা হয়।

এর আগে এক বিবৃতিতে সিসিএমডব্লিউ জানায়, ‘আমরা বিশেষভাবে কুইবেকের অধিবাসীদের আহ্বান জানাই যেন তারা মুসলিম বোনদের প্রতি সমর্থন জানায় যারা হিজাব পরিধান করে।’

প্রতিবাদকারীরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কুইবেকস বিল ২১’ মুসলিম সম্প্রদায়কে আহত করেছে। বিশেষত যেসব মুসলিম নারী শিক্ষা ও আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তাদের। ধর্মীয় কারণে তারা হয়তো তাদের কর্মদক্ষতা ও মেধা কাজে লাগাতে পারবে না। আর এতে সমাজে ইসলামবিদ্বেষী মনোভাব বৃদ্ধি পাবে।

মুসলিমরা ছাড়াও কানাডার শিখ ও ইহুদি সম্প্রদায় এই বিলের প্রতিবাদ জানিয়েছে। তারা নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছে। কারণ তাদেরও ধর্মীয় নিদর্শন ও পোশাক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত