ঢাকার বাইরে হাসপাতালে হাসপাতালে আইসোলেশন

আপডেট : ১০ মার্চ ২০২০, ০৪:৫৩ এএম

করোনাভাইরাস কভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রাণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর প্রস্তুতি নিয়েছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আইসোলেশন কর্নার চালু, আলাদাভাবে চিকিৎসক নার্সসহ প্রস্তুত করা হচ্ছে শয্যা। স্থলবন্দরগুলোতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। থার্মাল স্ক্যানার অচল থাকায় হ্যান্ড থার্মোমিটার  দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছে বিশেষ মেডিকেল টিম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ডাক্তার ও নার্স। তাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ধরনের পোশাকও। উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে কমিটি গঠন করা আছে। সিলেটের ৩টি হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জামালপুরের মেলান্দহ উপজেলায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। একজন স্বাস্থ্যকর্মী প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. গৌতম রায়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনসহ ৬ দেশের ৭০ জন বিশেষজ্ঞকে না আসতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে গতকাল চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম। ২৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের জন্য তাদের আসার কথা ছিল। ফেনীর ছাগলনাইয়া এবং ভারতের শ্রীনগর সীমান্তের বর্ডার হাট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে হাট ব্যবস্থাপনা কমিটি। করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার ও আগামী সপ্তাহের মঙ্গলবারে হাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিদেক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহীতে প্রস্তুতি : করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় রাজশাহীতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আক্রান্তদের জন্য একটি সম্পূর্ণ হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি বেশ কিছু স্থানে বিশেষ ওয়ার্ড স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ডাক্তার ও নার্স। তাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ধরনের  পোশাকও।

রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর কেবিন ও সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে কমিটি গঠন করা আছে। এছাড়াও ডাক্তার ও নার্সদের নিয়োগের বিষয়ে চূড়ান্ত করা আছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী বিভাগের জন্য আমরা অন্তত ২ থেকে ৩শ বেডের ব্যবস্থা করছি। আইডি হাসপাতাল, রাজশাহী সদর হাসপাতাল, ডেন্টাল ইউনিট, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্তত ৫/৭টি জায়গা প্রস্তুত রাখা হয়েছে। রোগী বেশি হলে আমরা কোনো স্কুল বা ফাঁকা জায়গা নিয়ে নেব।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, এখনো পর্যন্ত আমাদের এখানে করোনা আক্রান্ত হওয়ার কোনো রিপোর্ট নেই। এটি যাতে জনআতঙ্ক না ছড়ায় সেজন্য আমরা বিষয়টি খুব সাবধানতার সঙ্গে কাজ করছি।

সিলেটে প্রস্তুত ১৫০ শয্যা : করোনাভাইরাস মোকাবিলায় সিলেটের ৩টি হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ‘করোনাভাইরাসে আক্রান্ত’ এরকম সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে এখানে ভর্তি করা হবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবিলায় একটি মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল এসব তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার রাতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদেশ ফেরত ব্যক্তিদের নিজ বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হয়েছে।

বাগেরহাটে আইসোলেশন ওয়ার্ড চালু : বাগেরহাটে আলাদা চিকিৎসা দিতে আইসোলেশন ওয়ার্ড খুলেছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ওই রোগীদের হাসপাতালের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা হাসপাতালে আলাদা পাঁচ শয্যার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। খোলা হয়েছে হটলাইন। ৮ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

ফেনীর ৭০ শয্যার আইসোলেশন’র প্রস্তুতি : ফেনীতে ৭০ শয্যার আইসোলেশনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত রোগীদের সেবা দিতে ৯ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের এ প্রস্তুতিকে অপ্রতুল মনে করছেন স্থানীয়রা। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও ব্যাপক প্রস্তুতি রাখা উচিত।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, রোগের বিস্তার ও আক্রান্ত রোগীর চাপ অনুযায়ী শয্যা বাড়ানো হবে। এক্ষেত্রে তিনি রোগটির সংক্রমণ এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি : ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে একটি ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। গতকাল সকালে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করে প্রয়োজনীয় চাহিদাপত্র তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল সরেজমিন দেখা যায়. হাসপাতালের পুরাতন ভবনের ফিজিওথেরাপি সেন্টারের দোতলায় একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে চারটি শয্যা (বেড) রাখা হয়েছে। সেখানে রোগীদের সেবাকার্যে নিয়োজিতদের জন্য একসেট অ্যাপ্রোন, মাস্ক ও গ্লোভস রয়েছে।

বিদেশি না আসতে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের চিঠি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেেেন্দ্র চীনসহ ৬ দেশের ৭০ জন বিশেষজ্ঞ আসছেন এমন খবরের পর তাদের না আসতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম। গতকাল সোমবার সকালে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে এ চিঠি দেওয়া হয়।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম সাজ্জাদুর রহমান বলেন, ২৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের জন্য চীন, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭০ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধিদল আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে। প্রতিনিধিদলটিও বাংলাদেশে আসবে কি না সেটিও দেখা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরে বাড়তি সতর্কতা : বাংলাদেশে ৩ ব্যক্তি ‘করোনাভাইরাস’ আক্রান্ত শনাক্ত হওয়ার পরপরই বেনাপোল বন্দরে গতকাল সোমবার সকাল থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। একমাত্র ডিজিটাল থার্মাল স্ক্যানার অচল থাকায় হ্যান্ড থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছে বিশেষ মেডিকেল টিম। গত রোববার ভারত থেকে আসা ২৫ জন ট্রাক ড্রাইভার ও হেলপারদের দেহে তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে ৩ ব্যক্তি ‘করোনাভাইরাস’ আক্রান্ত শনাক্ত হওয়ার পরপরই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ভারতের পেট্রাপোল বন্দরেও।

 বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত মেডিকেল টিমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম জানান, ভারত থেকে আসা ২৫ জন ট্রাক ড্রাইভার ও হেলপারদের দেহে তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। হ্যান্ড থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা কাজ চালিয়ে  নেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে থার্মার স্ক্যানার নষ্টের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

জামালপুরে মালয়েশিয়া প্রবাসী পর্যবেক্ষণে : জামালপুরের মেলান্দহ উপজেলায় মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার জ্বর ও কাশির উপসর্গ নিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে তাকে নিজ বাড়িতে আলাদা কক্ষে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে তার দেহে এখনো করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, সোমবার সকালে জ্বর ও কাশি নিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান তিনি। পরে তাকে নিজ বাড়িতে ১৪ দিন আলাদা ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন একজন স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তিকে পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত