‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিরা গত রবিবার বিকেলে শহরের পার্ক মেট্রোর সামনে মানববন্ধন করেছেন। টরন্টোর পর এবার কুইবেকের মন্ট্রিয়লে লুটেরাবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হলো।
বাংলাদেশের ব্যাংক থেকে এবং দুর্নীতির মাধ্যমে টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে মন্ট্রিয়লে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশ থেকে টাকা পাচারকারী লুটেরাদের শাস্তির দাবিতে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় হাতে লেখা পোস্টার, ফেস্টুন নিয়ে বাংলাদেশি কানাডিয়ানরা এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন। প্রসঙ্গত, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে এবং দুর্নীতির মাধ্যমে টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে টরন্টোয় সামাজিক আন্দোলন শুরু হয়। টরন্টো প্রবাসী বাংলাদেশিরা কয়েক দফা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন। বিশেষ করে দেশ রূপান্তরে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারের একাধিক সংবাদ প্রকাশের পর ওই আন্দোলন শুরু হয়।
