বিশেষ তহবিল থেকে দ্রুত বিনিয়োগের নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:৫১ পিএম

যেসব বাণিজ্যিক ব্যাংক ইতিমধ্যেই বিশেষ তহবিল গঠন করেছে, তাদের পুঁজিবাজারে দ্রুত বিনিয়োগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যেসব ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করেছে, তা যেন দ্রুত সম্পন্ন করা হয়, সে বিষয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে এমন পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

সিরাজুল ইসলাম বলেন, পুঁজিবাজারে তারল্যের জোগান দিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিল গঠন করেছে। বেশ কিছু ব্যাংক বোর্ডসভার অনুমোদন নিয়ে ইতিমধ্যে তহবিল গঠন করেছে। আর অন্যান্য ব্যাংক তহবিল গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে যেসব ব্যাংক ইতিমধ্যেই তহবিল গঠন করেছে, সেসব প্রতিষ্ঠানকে আমরা দ্রুত বিনিয়োগের নির্দেশনা দিয়েছি। আর যেসব প্রতিষ্ঠান তহবিল গঠনের প্রক্রিয়ায় রয়েছে, তাদেরকে অতি দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের এক বৈঠকে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা পুঁজিবাজারে বিনিয়োগে সহায়তার কথা জানিয়েছেন। গতকাল তালিকাভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে ২৪ ব্যাংকের প্রতিনিধি ডিএসইর বৈঠকে উপস্থিত ছিলেন। এর মধ্যে অন্তত ছয়টি ব্যাংক পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাবটি পরবর্তী বোর্ডসভায় উপস্থাপন করা হবে। ব্যাংকগুলো হচ্ছে ট্রাস্ট, প্রিমিয়ার, মার্কেন্টাইল, আল-আরাফাহ, এনসিসি ও ইসলামী ব্যাংক। ডিএসইতে ওই বৈঠকে উপস্থিত ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে জানান, ইতিমধ্যেই এনসিসি ব্যাংকের বোর্ডসভায় বিশেষ তহবিল গঠনের প্রস্তাবটি অনুমোদন হয়েছে বলে বৈঠকে উপস্থিত এনসিসি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া আরও অন্তত পাঁচটি ব্যাংক বিশেষ তহবিল গঠনের প্রস্তাবটি পরবর্তী বোর্ডসভায় উপস্থাপনের কথা জানিয়েছে। তিনি জানান, ঢাকা ব্যাংকও প্রক্রিয়া শুরু করেছে। আমরা শুরুতে নিজেদের অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করে দিয়েছি। খুব শিগগিরই তহবিল গঠন হবে বলে আমরা আশা প্রকাশ করছি।

বৈঠকে উপস্থিত প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বুধবার বোর্ডসভায় তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন হবে। শুরুতে আমরা নিজেদের অর্থেই পুুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠন করব। তহবিলের আকার ২০০ কোটি টাকা বলে তিনি জানান।      

গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকগুলোকে রেপোর মাধ্যমে বিশেষ তহবিল গঠনের কথা জানায়। সেদিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতিটি তফসিলি ব্যাংক রেপোর মাধ্যমে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে, যার সুদহার হবে ৫ শতাংশ ও মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যাংকগুলো চাইলে নিজেদের অর্থ দিয়েও এই বিশেষ তহবিল গঠন করতে পারবে।        

তালিকাভুক্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক জানান, বৈঠকে উপস্থিত সবগুলো ব্যাংকই বাজারকে সহায়তা দিতে তাদের সদিচ্ছার কথা জানিয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ব্যাংক বিশেষ তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ শুরেু করে দিয়েছে। আর অন্য ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গড়তে বোর্ডে দ্রুত প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছে। বৈঠক শেষে  ডিএসই এমডি জানান, ব্যাংকের এমডিদের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা তাদেরকে শেয়ারবাজারে সাপোর্ট দেওয়ার জন্য বলেছি। একই সঙ্গে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে, তা জানানোর জন্য বলেছি যা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার নেতিবাচক ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনার পর শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। তবে সম্প্রতি করোনাভাইরাস ইস্যুতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব  দেখা দেয়। এই অবস্থায় ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের অবস্থা জানতে এই বৈঠক করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো এসএলআর ও নগদ লভ্যাংশ সংক্রান্ত কিছু সমস্যার কথা জানিয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকগুলো জানিয়েছে, বিশেষ তহবিলের সুদহার বেঁধে দেওয়ার বিষয়টি ইসলামী ব্যাংকের কনসেপ্টের সঙ্গে যায় না। এজন্য তহবিল গঠনে কিছু সমস্যা রয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিষয়টিতেও সমস্যা দেখা দিয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিষয়টি বিশেষ তহবিল গঠনের শর্তে পরিবর্তন আনা প্রয়োজন। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে ওই বৈঠকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত