বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে নানা ধরনের সরকারি-বেসরকারি আয়োজন হচ্ছে। একাধিক সিনেমা নির্মাণের খবরও পাওয়া গেছে। বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিন্ন প্রেক্ষাপটের সিনেমা নিয়ে হাজির হবেন পরিচালক সালমান হায়দার। তিনি সরাসরি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সিনেমা তৈরি করছেন না। তার সিনেমার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। শিশুতোষ চলচ্চিত্রটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’।
এরই মধ্যে সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জনপ্রিয় তারকারা যুক্ত হয়েছেন সিনেমাটির সঙ্গে। যে চরিত্রে তারা অভিনয় করবেন সেই চরিত্রের সাজ-পোশাকের ছবি ফেইসবুকে শেয়ারও করেছেন তারকারা। সিনেমাটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা চরিত্রে অভিনয় করছেন ছোট ও বড়পর্দার দুই মেধাবী অভিনেত্রী অপর্ণা ঘোষ ও আশনা হাবিব ভাবনা। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে রয়েছেন ইউসুফ, মেজ পুত্র শেখ জামালের চরিত্রটি করছেন সাব্বির। কেন্দ্রীয় চরিত্র শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবে শিশুশিল্পী রোহান। আর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন তার কাছাকাছি চেহারার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অরুক মুন্সি।
সিনেমা প্রসঙ্গে পরিচালক সালমান হায়দার বলেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। আপাতত প্রস্তুতি চলছে। আমরা শিল্পীদের চরিত্রানুযায়ী লুক সেট করছি। শিগগিরই শ্যুটিং শুরু হবে। সব ঠিক থাকলে মুজিববর্ষেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’
ফজিলাতুন্নেছা মুজিবের মতো বিখ্যাত চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এটা বড় একটি দায়িত্ব। এমন একজন মহান নারীকে বড়পর্দায় জীবন্ত করে তোলাটা খুব চ্যালেঞ্জিং। আমি সেই চ্যালেঞ্জ নিয়েই কাজটি করব। আপাতত চরিত্রটিতে ঢোকার জন্য নানা ধরনের প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কাজটি আমার জন্য যথেষ্ট কষ্টের হবে। কারণ, ফজিলাতুন্নেছা মুজিবকে সবাই চেনেন। তার সম্পর্কে অনেক কিছু জানেন। এমন একটি চেনা-জানা চরিত্র ফুটিয়ে তোলা একদিকে যেমন কষ্টের, তেমনি আনন্দের। কাজটি ঠিকমতো করতে পারলে দর্শকের অনেক ভালোবাসা আমি পাব, সেটা নিশ্চিত। আবার কাজটি কোনোভাবে খারাপ হলে তার দায়ভারও বহন করতে হবে। এজন্য আমি প্রথম থেকেই সিরিয়াসলি কাজটি করতে চাই। আশা করছি ভালো কিছুই হবে।’
প্রথমবার জীবন্ত কোনো চরিত্র ফুটিয়ে তুলছেন মৌসুমী। তিনি বলেন, ‘এতদিন যত চরিত্র করেছি, নিজের মতো করে চরিত্রটিকে চিন্তা করে তৈরি করেছি। কিন্তু এখানে চিন্তাভাবনার সুযোগ নেই। ফজিলাতুন্নেছা মুজিবের বাস্তব চরিত্রকে ধারণের চেষ্টা করতে হচ্ছে। এটা অন্য ধরনের জার্নি। আমার সারা জীবন এই সিনেমার কথা মনে থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সিনেমাটিতে অনেক জনপ্রিয় তারকা রয়েছেন। অপর্ণা, ভাবনার কাজ আমি দেখেছি। তারা খুব বুঝে অভিনয় করে। তাদের সঙ্গে কাজটি করার জন্য অপেক্ষা করছি।’
