সিরাজগঞ্জে বাসচাপায় ২ ভাই নিহত

আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:১৩ এএম

সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার কোনাবাড়ী এলাকার মোফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের হাসিনুর রহমান (২৫) ও তার চাচাতো ভাই মিরাজউদ্দিন (২২)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন হাসিনুর। পথে কড্ডার মোড় এলাকায় যাত্রাবিরতিতে চাচাতো ভাই মিরাজউদ্দিনকে সঙ্গে নেন। মঙ্গলবার ভোরে ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসিনুর রহমানের মৃত্যু হয়। পরে পুলিশ গুরুতর অবস্থায় মিরাজকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। এর মধ্যে নীলফামারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী, জয়পুরহাটের পাঁচবিবিতে বাসচাপায় এক শিশু ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত : নীলফামারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত (৭) স্থানীয় উত্তরাশশী হাফিজিয়া নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ও একই গ্রামের নদীরপাড় মহল্লার সাদ্দাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্লাস শেষে বাড়ি ফেরার পথে পঞ্চপুকুরের আফতাবের মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পলাতক।

জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল শিশুর : জয়পুরহাটের পাঁচবিবিতে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে শহরের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ী (৩) একই এলাকার গোবিন্দ কু-ুর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও তিন বোনকে সঙ্গে নিয়ে নানাবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল জয়ী। দুপুরে দমদমা এলাকায় বাস থেকে নামার সময় দৌড় দিলে বাসের চাকায় পিষ্ট হয় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে।

কিশোরগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্র নিহত : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে আশিক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিক উপজেলার লক্ষ্মীয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। সে স্থানীয় লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে একটি ট্রাক্টরে করে খালার বাড়ি একই উপজেলার বাহাদিয়া গ্রামে যাচ্ছিল আশিক। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস ট্রাক্টরটিকে ওভাটেক করতে গেলে সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক রাকিব ও আশিক। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত