সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কি নাÑ সেটি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিতে সংবিধানে থাকা ভাষণের সঙ্গে এ সংক্রান্ত সব অডিও-ভিডিও পর্যালোচনা করে একটি প্রতিবেদন আগামী ছয় সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সংবিধানে বঙ্গবন্ধুর সঠিক ভাষণ অন্তর্ভুক্তিতে কেন নির্দেশ দেওয়া হবে নাÑ এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আইন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালকসহ চারজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংবিধানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কিছু শব্দচয়ন, বাক্য ও বাক্যের গঠন ভুলভাবে উপস্থাপনসহ কিছু শব্দ বাদ দেওয়ায় কর্র্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে গত ৫ মার্চ রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলী নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী সুবীর নন্দী দাস এ আবেদনটি করেন। আবেদনের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ যেভাবে দিয়েছিলেন সংবিধানে সেই ভাষণের বেশকিছু অংশ সঠিকভাবে আসেনি।
