জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই মার্চে ক্রিকেট নিয়েও উৎসবে মাতার কথা ছিল। কিংবদন্তিমিউজিশিয়ান এ আর রহমানের কনসার্ট আর এশিয়া ও বিশ্ব একাদশের তারায় ভরা দুটি টি-টোয়েন্টি ম্যাচও উন্মাদনা ছড়ানোর আভাস দিচ্ছিল। কিন্তু গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিল, পরিস্থিতির কারণে আপাতত ‘স্থগিত’ কনসার্ট-ম্যাচ সবই। করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে বিসিবি। তারা পরে কখনো এই পরিকল্পনা বাস্তবায়নের আশা করছে।
‘২১ এবং ২২ মার্চ যে দুটো খেলা ছিল সেটা নিয়েও সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের সবাই যে এখানে এসে খেলতে পারবে তা নয়। আসলে আবার যেতে পারবে সে নিশ্চয়তাও নেই।’ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গেল সন্ধ্যায় মিরপুরে মিডিয়াকে জানান বোর্ডের সিদ্ধান্ত এবং এর পেছনের কারণ, ‘অনেকগুলো সীমাবদ্ধতা এসেছে অনেক জায়গা থেকে। চিন্তাভাবনা করে দেখলাম এই ম্যাচ দুটোও আমরা পিছিয়ে দেই।’
বৈশ্বিক তারকাদের নিয়ে ম্যাচ দুটি আয়োজনের পরিকল্পনা বেশ আগের। সবকিছু প্রায় গুছিয়ে উঠেছিল। আর মাত্র গেল রবিবারই বোর্ড ঘেষণা দেয় এ আর রহমানের কনসার্টের। যেটি ১৮ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু রবিবারই বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হন। তারপর সরকারের পক্ষ থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান কাটছাঁট হতে শুরু করে। গণজমায়েত থেকে দূরে থাকা জরুরি। কনসার্ট, ক্রিকেট ম্যাচÑ এসব তো আর দর্শকহীন মাঠে করা চলে না।
বোর্ড সভাপতি নাজমুল হাসান জানালেন, ‘আমাদের হাতে দুটো বিকল্প ছিলÑ ১৮ তারিখে এ আর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটা ছোটভাবে করতে পারতাম। কিন্তু আমরা পরে এটা বড়ভাবেই করতে চাই। সে জন্য আমরা এটাকে স্থগিত করে দিয়েছি। পরিস্থিতি বুঝে পরবর্তী যেকোনো সময় এটা আমরা করতে পারব।’ এটাকে বাতিল বলছেন না সভাপতি। তার ভাষায়, ‘দুটি অনুষ্ঠানই পিছিয়ে দেওয়া হচ্ছে। মাসখানেক পরে পরিস্থিতি বুঝে আমরা আবার সূচি পুনর্নির্ধারণ করে ঘোষণা করব।’ গত দুদিন ধরে এ নিয়ে আলোচনা চলছিল। বিসিবি চেষ্টা করছিল রাষ্ট্রের পরামর্শ ও নির্দেশনা নিতে। ঘোষণাটা আসার অপেক্ষা ছিল। বিসিবি নিশ্চয়ই সরকারের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে? ‘অবশ্যই। পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জানিয়ে যান নাজমুল হাসান।
১ এপ্রিল পাকিস্তানের করাচিতে একটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। ওখানে ৫ এপ্রিল শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু পাকিস্তানের মধ্যে করাচিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিন্ধুর রাজধানী করাচি। গোটা সিন্ধু স্কুল বন্ধ। সহসা না খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলমান পিএসএল ম্যাচ নিয়েও আপত্তি আছে তাদের। এই অবস্থায় পাকিস্তানে খেলতে যাওয়ার মানে আছে কি না তা নিয়েও কথা উঠছে। ‘দেখি, ওটা নিয়েও কথা বলব।’ নাজমুল হাসান জানান, ‘ধাপে ধাপে দেখব। ওটা নিয়েও আমরা বসব।’ ১৫ মার্চ শুরু হওয়ার কথা এই মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শুরুর দিকে কক্সবাজারে খেলা হওয়ার কথা। প্রশ্ন উঠছে পর্যটন শহর কক্সবাজারে ম্যাচ খেলা নিয়ে। ‘ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক না থাকলে সমস্যা নেই।’ মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে নাজমুল হাসান বলেছেন, ‘আপনারা দেখেছেন আমরা দর্শকদের উৎসাহিত করছি না। যদিও অন্য কোথাও ক্রিকেট এখনো দর্শকশূন্য হয়নি। আমরা চেষ্টা করব কোথাও যেন বড় জমায়েত না হয়।’ তবে লিগের ভেন্যু বদলের সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি, ‘সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। যদি জায়গা থাকে তাহলে আসতেও পারে।’
